নিজস্ব প্রতিবেদক: মাদক কারবারিদের অব্যাহত প্রাণনাশের হুমকিতে কর্মস্থল ও নিজ বাড়ি ছেড়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে নেত্রকোনার একটি পরিবার। হামলা, মারধর ও অপহরণের ভয়ে বর্তমানে আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে মানবেতর জীবনযাপন করছেন তারা।
সোমবার (২০ এপ্রিল) বেলা ১২টায় নেত্রকোনা শহরের কুরপাড় এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে এসব অভিযোগ তুলে ধরেন সদর উপজেলার আটপাড়া গ্রামের জালালপুর এলাকার বাসিন্দা মালা আক্তার।
লিখিত অভিযোগ ও সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে মালা আক্তার জানান, স্বামী ও সন্তানসহ ছয় সদস্যের পরিবার নিয়ে তিনি কুমিল্লা শহরের পোশাক কারখানায় চাকরি করতেন। তাদের সঙ্গেই থাকতেন ভাসুরের স্ত্রী আসমা আক্তার। ভাসুরের মৃত্যুর পর আসমা কুমিল্লার মাদক কারবারিকে বিয়ে করে নিজেও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন এবং নিয়মিত কুমিল্লা থেকে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদক এনে নেত্রকোনার জালালপুর এলাকায় সরবরাহ করতেন।
ঘটনার সূত্রপাত হয় গত গত ৫ ফেব্রুয়ারি মালা আক্তারের ছেলে রিয়াদ ও আসমা আক্তার ভোটার আইডি কার্ড করার জন্য একই বাসে কুমিল্লা থেকে নেত্রকোনার উদ্দেশে রওনা হন। পথে কেন্দুয়া রোড এলাকায় ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আসমা আক্তার গ্রেফতার হন। এ ঘটনায় রিয়াদ পুলিশের কাছে তথ্য দিয়েছে- এমন সন্দেহ থেকে আসমা ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ওঠে।
জামিনে কারাগার থেকে বের হয়ে আসমা কুমিল্লার অন্যান্য মাদক কারবারিদের নিয়ে মালা আক্তারের পরিবারের ওপর অমানুষিক নির্যাতন শুরু করে। তাদের বাসায় আটকে রেখে মারধর করা হয় এবং বাসা থেকে বের করে দেওয়া হয়। এমনকি ছেলেদের অপহরণের চেষ্টাও করা হয়। পরে পুলিশ ও আত্মীয়স্বজনের সহায়তায় তারা কুমিল্লা থেকে পালিয়ে গ্রামের বাড়ি নেত্রকোনার আটপাড়ায় চলে আসেন।
কিন্তু সেখানেও শেষ রক্ষা হয়নি। আসমা ও তার সহযোগীরা নেত্রকোনায় গিয়েও তাদের হত্যার হুমকি দিতে থাকে এবং প্রায় ৫০-৬০ জন লোক নিয়ে তাদের ওপর হামলার চেষ্টা চালায়। প্রাণভয়ে বর্তমানে পরিবারটি নেত্রকোনার লক্ষ্মীগঞ্জ এলাকার আটকাপাড়া গ্রামে আত্মীয়ের বাসায় আত্মগোপনে রয়েছে।
মালা আক্তার আক্ষেপ করে বলেন, “ বিষয়ে নেত্রকোনা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত কোনো কার্যকর প্রতিকার পাইনি। আমরা কাজ হারিয়ে এখন কর্মহীন, তার ওপর জীবনের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি।”
সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী পরিবারটি আসমা আক্তার ও তার সহযোগী মাদক কারবারিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে অবিলম্বে তাদের গ্রেফতারের দাবি জানিয়েছে। একইসঙ্গে তারা যেন নিজ বাড়িতে ফিরে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, সেজন্য প্রশাসন ও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে ভু্ক্তভোগীর ভাতিজা আশরাফুল ইসলাম মিঠু, ও তার ছেলে রিয়াদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

