নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার আটপাড়া উপজেলায় হাওরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আলতু মিয়া (৬৫) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার সুখারী ইউনিয়নের হাতিয়া গ্রামের পার্শ্ববর্তী মেষির হাওরে বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত আলতু মিয়া ওই উপজেলার হাতিয়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গ্রামের সামনের মেষির হাওরে গরুর জন্য ঘাস সংগ্রহ করতে যান কৃষক আলতু মিয়া। ঘাস কাটার কিছুক্ষণ পরই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে হঠাৎ মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় একটি বজ্রপাত তার ওপর আঘাত হানলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে বৃষ্টিপাত থামলে হাওরে থাকা অন্যান্য কৃষকরা তাকে উদ্ধার করতে যান এবং তার মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
এ বিষয়ে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, “আমরা খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
এদিকে, বৃদ্ধ কৃষকের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসন নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছে।
আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহানুর রহমান জানান, “আমরা ইতোমধ্যে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করছি। শোকের এই মুহূর্তে তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।”

