নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে ছেলেদের ঝগড়া থামাতে গিয়ে খুন হন ৮৮ বছর বয়সী বৃদ্ধ হোছেন আলী। চাঞ্চল্যকর এই হত্যা মামলার অন্যতম আসামি এবং নিহতের নাতি কে আর ইসলামকে (২২) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে র‍্যাব-১৪ এর মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার (১৫ এপ্রিল) রাত ৮টা ৪০ মিনিটে গাজিপুর জেলার জয়দেবপুর থানাধীন হোতাপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তি ও মামলার বিবরণী থেকে জানা যায়, নিহত হোছেন আলীর সঙ্গে তার প্রথম পক্ষের সন্তানদের জমিজমা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে গত ২৯ মার্চ দিবাগত রাত ২টার দিকে প্রথম পক্ষের ছেলেদের মধ্যে পানির ট্যাংকির পাইপ নিয়ে কথাকাটাকাটি হয়।

পরদিন সকালে (২৯ মার্চ) বিষয়টি মীমাংসা করার উদ্দেশ্যে হোছেন আলী ফুলবাড়ীয়া থানার রাধাকানাই খালইপুড়া ভাটিপাড়ায় তার ছেলের বাসায় যান। সেখানে তিনি সবাইকে ঝগড়া-বিবাদ না করার অনুরোধ করেন। কিন্তু পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরও উত্তপ্ত হয়ে ওঠে। প্রথম পক্ষের ছেলে এবং মামলার অন্যান্য আসামিরা মিলে অপর ছেলে চাঁন মিয়া (৪৫) ও তার স্ত্রী-সন্তানদের ওপর লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায় এবং এলোপাথাড়ি মারধর শুরু করে।

ছেলে ও তার পরিবারকে বাঁচাতে বৃদ্ধ হোছেন আলী এগিয়ে গেলে আসামিরা তাকেও আঘাত করে এবং একপর্যায়ে পুকুরে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় বৃদ্ধ হোছেন আলীর।

নির্মম এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের দ্বিতীয় স্ত্রী ফজিলা খাতুন (৫৬) বাদী হয়ে ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পরপরই আসামিরা গা ঢাকা দেয়। এরপরই আসামিদের গ্রেফতারে ছায়াতদন্ত শুরু করে ময়মনসিংহের সিপিএসসি, র‍্যাব-১৪। গোপন সংবাদের ভিত্তিতে আসামির বর্তমান অবস্থান নিশ্চিত হওয়ার পর, গতকাল (বুধবার) রাতে র‍্যাব-১, সিপিএসসি, গাজিপুর ক্যাম্পের সহায়তায় হোতাপাড়া বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বৃদ্ধ হত্যা মামলার অন্যতম আসামি, নিহতের নাতি কে আর ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

র‍্যাব-১৪ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারেও র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version