নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের বাজিতপুরে চলন্ত পথে সিএনজি চালিত অটোরিকশা থামিয়ে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, চুরি ও প্রাণনাশের হুমকির ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর মামলার অন্যতম আসামি মো. রুবেল মিয়াকে (৩০) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতারকৃত রুবেল মিয়া কিশোরগঞ্জ জেলার বাসিন্দা।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে গতকাল (বুধবার) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রামের পাঁচলাইশ থানার নাসিরাবাদ হাউজিং সোসাইটি পার্ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে ছিল। পরবর্তীতে তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামি রুবেল মিয়ার অবস্থান নিশ্চিত হয় র্যাব। এরপর র্যাব-১৪, সিপিসি-২ (কিশোরগঞ্জ ক্যাম্প) এবং র্যাব-৭, সিপিএসসি (পতেঙ্গা, চট্টগ্রাম) এর যৌথ আভিযানিক দল নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ দিবাগত রাত পৌনে ৩টার দিকে ভুক্তভোগী নারী সিএনজি চালিত অটোরিকশাযোগে ভৈরব থেকে কিশোরগঞ্জের বাজিতপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে সিএনজি চালকের পূর্বপরিচিত রুবেল মিয়াসহ এজাহারভুক্ত অন্যান্য আসামিরা ওই অটোরিকশায় ওঠেন। পরবর্তীতে নির্জন এলাকায় সিএনজি থামিয়ে আসামিরা ভুক্তভোগী নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে একাধিকবার ধর্ষণ করে। এ সময় তারা ভুক্তভোগীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোনসহ নগদ পাঁচ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনার পর ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে গত ২৮ মার্চ কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে গণধর্ষণ এবং ছিনতাই মামলা দায়ের করেন।
মামলা রুজু হওয়ার পরপরই র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামি মো. রুবেল মিয়াকে কিশোরগঞ্জের বাজিতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল র্যাব-১৪ এর একই আভিযানিক দল গণধর্ষণ এই মামলার আরেক আসামি মো. হান্নান মিয়াকে (৩০) গ্রেফতার করে পুলিশের কাছে সোপর্দ করেছিল। বাকি আসামিদের গ্রেফতারেও র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

