নিজস্ব প্রতিবেদক: গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোণা বাজারে অবৈধভাবে ডিজেল মজুদ রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে অবৈধ মজুদ রাখার দায়ে মেসার্স সংকর সাহা এন্টারপ্রাইজ ও মেসার্স রাজিব ট্রেডার্স নামের দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করার পাশাপাশি বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এতথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, এদিন সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফের নেতৃত্বে ঠাকুরাকোণা বাজারে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে মেসার্স সংকর সাহা এন্টারপ্রাইজ এবং মেসার্স রাজিব ট্রেডার্সে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা বিপুল পরিমাণ ডিজেলের সন্ধান পায় ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে জ্বালানি মজুদ করার অপরাধে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করা হয় এবং ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া, অভিযানে আনুমানিক তিন হাজার একশো লিটার ডিজেল সরকারের অনুকূলে জব্দ করা হয়েছে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জব্দকৃত ডিজেলের আনুমানিক বাজারমূল্য দুই লক্ষ ৯৫ হাজার টাকা।

নেত্রকোনা জেলায় নিরবচ্ছিন্ন ও স্বাভাবিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে প্রশাসনের এমন পদক্ষেপ স্থানীয় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, জনদুর্ভোগ সৃষ্টি করে অবৈধভাবে জ্বালানি তেল বা অন্য কোনো পণ্য মজুদ করলে কাউকে ছাড় দেওয়া হবে না এবং মজুদকারীদের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্টের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version