কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’ বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এবারের শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল কমলগঞ্জের বৈচিত্র্যময় জাতীগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। মণিপুরি, খাসিয়া, গারো ও চা-জনগোষ্ঠীসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ তাদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক ও বাদ্যযন্ত্র নিয়ে শোভাযাত্রায় যোগ দেন।রঙিন ফেস্টুন, লোকজ ঐতিহ্যের মুখোশ এবং ঢাক-ঢোলের শব্দে পুরো এলাকাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করে।
যা পুরো আয়োজনকে একটি অসাম্প্রদায়িক এবং সর্বজনীন উৎসবে পরিণত করে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করা হয়। পরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করেন স্থানীয় শিল্পীরা।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আসাদুজ্জামান,কমলগঞ্জ থানার ওসি মো.আব্দুল আউয়াল, কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়,জেলা বিএনপির সদস্য মো.দুরুদ আহমদ, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মো.মাহবুবুল আলম ভূঁইয়া সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এ আনন্দ আয়োজনে অংশ নেন।

