জামালপুর প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী ‘জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ইসলামপুর উপজেলা পরিষদ চত্বরে উৎসবমুখর পরিবেশে এই মেলার আয়োজন করা হয়।
বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি) এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এ মেলায় জেন্ডার ও জলবায়ু বিষয়ক সচেতনতামূলক ১৪টি স্টল অংশগ্রহণ করে।
মেলা উপলক্ষে দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ইসলামপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
এতে আয়োজক, অতিথি, বিভিন্ন স্টলের প্রতিনিধি এবং স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে আমন্ত্রিত অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রদর্শিত সচেতনতামূলক কার্যক্রমের প্রশংসা করেন।
স্টল পরিদর্শন শেষে মেলার আনুষ্ঠানিক উদ্বোধনী পর্ব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমূল হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নাজমূল হোসাইন জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নারীদের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন প্রান্তিক নারীরা। তাই বৈশ্বিক সংকট মোকাবেলায় নারীদের সক্ষমতা বৃদ্ধি করার কোনো বিকল্প নেই। একইসঙ্গে সমাজ থেকে জেন্ডার বৈষম্য দূর করে তৃণমূল পর্যায়ে সচেতনতা জোরদার করতে হবে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামপুরের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল মাস্টার।
এছাড়া আয়োজক প্রতিষ্ঠান বিসিসিপি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রোগ্রাম পরিচালক ডা. জিনাত সুলতানা, ডেপুটি ডিরেক্টর সোনিয়া ইসলাম এবং সহকারী পরিচালক আ. সালাম।
জেন্ডার সমতা ও জলবায়ু বিষয়ক বিভিন্ন উদ্ভাবনী ও সচেতনতামূলক মডেল ও তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে দিনব্যাপী মেলাটি মিলনমেলায় পরিণত হয়। স্থানীয় দর্শনার্থীরা ব্যাপক উৎসাহ নিয়ে মেলা পরিদর্শন করেন। মেলার শেষভাগে জলবায়ু পরিবর্তনের থিম নিয়ে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পুরো আয়োজনটিকে আরও প্রাণবন্ত, আকর্ষণীয় ও অর্থবহ করে তোলে।
