নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ধনবাড়িতে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বসতঘর থেকে ১৬ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার লুটের চাঞ্চল্যকর মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেফতারকৃত আসামির নাম মো. লিমন (৩০)। তার বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ি থানা এলাকায়।

শনিবার (১১ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল (শুক্রবার) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ধনবাড়ি বাসস্ট্যান্ড তাকে গ্রেফতার করা হয়েছে।

মামলার এজাহার ও র‍্যাব সূত্রে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি (২০২৬) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে আসামি লিমনসহ এজাহারভুক্ত অন্যান্য আসামিরা পরস্পর যোগসাজশে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভুক্তভোগীর বসতঘরে প্রবেশ করে। এ সময় তারা বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রাণনাশের ভয়ভীতি দেখায়। পরে ডাকাত দল আলমারি ভেঙে বাদীর স্ত্রীর ছয় ভরি চার আনা ওজনের স্বর্ণালংকার লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়। লুণ্ঠিত এসব স্বর্ণালংকারের বর্তমান বাজার মূল্য প্রায় ১৬ লাখ টাকা।

এ ঘটনায় টাঙ্গাইলের মধুপুর থানার রাধানগর গ্রামের ফেরদৌস আহমেদের ছেলে মো. হাসিবুল হাসান লিখন (২৬) বাদী হয়ে গত ১৫ ফেব্রুয়ারি ধনবাড়ি থানায় মামলা দায়ের করেন।

মামলাটি রুজু হওয়ার পর গুরুত্ব বিবেচনায় নিয়ে ধনবাড়ী থানার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে দ্রুত ছায়াতদন্ত শুরু করে সিপিসি-৩, র‍্যাব-১৪ (টাঙ্গাইল ক্যাম্প)।

ছায়াতদন্তের ধারাবাহিকতায় এবং গোয়েন্দা নজরদারির ভিত্তিতে গতকাল (শুক্রবার) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ধনবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় আকস্মিক অভিযান পরিচালনা করে র‍্যাব। সিপিসি-৩, র‌্যাব-১৪ এর একটি চৌকস আভিযানিক দলের অভিযানে দস্যুতা মামলার প্রধান পলাতক আসামি লিমনকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১৪ এর পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে ইতোমধ্যে ধনবাড়ী থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version