রংপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ডা. ওয়াসিম-ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এবং হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর-এর ব্যবস্থাপনায় গত ০৮ এপ্রিল ২০২৬ তারিখে আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট, রংপুরে এই ক্যাম্পের আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পে সর্বমোট ৩১৬ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
এর মধ্যে উচ্চ রক্তচাপ (HTN) আক্রান্ত ছিলেন ৩৯ জন, ডায়াবেটিস (DM) রোগী ২৭ জন এবং উভয় রোগে আক্রান্ত ২২ জন। এছাড়া ১৮৬ জন রোগীর মধ্যে এসব রোগের লক্ষণ পাওয়া যায়নি। রোগীদের লিঙ্গভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, পুরুষ ছিলেন ১২৪ জন এবং নারী ৯২ জন। পেশাভিত্তিক বিশ্লেষণে গৃহিণী ছিলেন সর্বাধিক ১১৫ জন।
এছাড়া সেবা গ্রহণকারীদের মধ্যে কৃষক ১৯ জন, চাকরিজীবী ৩৮ জন, ব্যবসায়ী ২৭ জন, অবসরপ্রাপ্ত ১০ জন, চালক ৬ জন এবং শিক্ষার্থী ১ জন ছিলেন। বয়সভিত্তিক হিসেবে ২০-২৯ বছর বয়সী ছিলেন ১৮ জন, ৩০-৩৯ বছর বয়সী ৫৯ জন, ৪০-৪৯ বছর বয়সী ৬০ জন, ৫০-৫৯ বছর বয়সী ৩২ জন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ছিলেন ৪৭ জন।
ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট, রংপুর-এর অধ্যক্ষ ও উপ-নিবন্ধক জনাব সুমন আহমেদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানের উদ্বোধন করেন হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।
এ সময় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির মানব সম্পদ কর্মকর্তা আসাদুজ্জামান হিরন এবং জনসংযোগ কর্মকর্তা আবু নাসের সিদ্দিক তুহিনসহ অন্যান্যরা। বক্তারা জনসচেতনতা বৃদ্ধি ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার ওপর গুরুত্বারোপ করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।
