নিজস্ব প্রতিবেদক: তরুণ প্রজন্মের মাঝে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি এবং উদ্ভাবনী চিন্তাধারার বিকাশের লক্ষ্যে নেত্রকোনার আটপাড়া উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে দুই দিনব্যাপী এ মেলার পর্দা ওঠে।

উপজেলা প্রশাসনের সার্বিক আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সরাসরি পৃষ্ঠপোষকতায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলাটির সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনূর রহমান। উদ্বোধন শেষে তিনি অতিথিদের নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং ক্ষুদে বিজ্ঞানীদের তৈরি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট ও উদ্ভাবন সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন, আটপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়জুন নাহার নিপা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, আটপাড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) প্রদীপ কুমার এবং সাবেক ছাত্রনেতা রাসেল তালুকদার।

এছাড়া উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ না রেখে ব্যবহারিক বিজ্ঞান ও গবেষণায় আগ্রহী করে তুলতেই প্রতি বছর এ ধরনের মেলার আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত চমকপ্রদ সব বিজ্ঞান প্রজেক্ট নিয়ে এ মেলায় অংশগ্রহণ করেছে।

শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত এই মেলা আগামীকাল বৃহস্পতিবার সমাপনী আলোচনা সভা ও বিজয়ী ক্ষুদে বিজ্ঞানীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version