নিজস্ব প্রতিবেদক: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা থেকে অপহৃত ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (৮ এপ্রিল) বেলা পৌনে ৩টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। অপহরণের আট দিনের মাথায় গতকাল (মঙ্গলবার) দিবাগত রাতে নরসিংদী জেলার মাধবদী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার হওয়া নাবালিকা বকশীগঞ্জ এলাকার একটি মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। মাদ্রাসায় যাতায়াতের পথে জামালপুর জেলার মো. রোমান মিয়া (২০) এবং তার অন্যান্য সহযোগীরা তাকে নানাভাবে প্রলোভন দেখাত ও উত্ত্যক্ত করত। গত ৩০ মার্চ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ওই ছাত্রী নিজ বাড়ি থেকে বের হয়ে নিকটস্থ রাস্তায় যায়। এ সময় আগে থেকে ওত পেতে থাকা আসামিরা তাকে জোরপূর্বক অজ্ঞাতনামা সিএনজিতে তুলে অজানা গন্তব্যে নিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে গত ৫ এপ্রিল বকশীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ মামলা দায়ের করেন। মামলা রুজু হওয়ার পর র্যাব-১৪ এর সিপিসি-১ (জামালপুর ক্যাম্প) ঘটনার ছায়াতদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেফতার ও অপহৃত ছাত্রীকে উদ্ধারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গতকাল (মঙ্গলবার) রাত সাড়ে ১০টার দিকে র্যাব-১৪ (সিপিসি-১) এর একটি আভিযানিক দল র্যাব-১১ (সিপিএসসি, নরসিংদী) এর সহায়তায় নরসিংদীর মাধবদী থানার গদাইর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এ অভিযানে অপহৃত মাদ্রাসাছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন র্যাবের সদস্যরা।
র্যাব জানায়, উদ্ধার হওয়া নাবালিকা ভিকটিমকে নিরাপদ হেফাজতে রাখার জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। তবে মূল অভিযুক্ত রোমান মিয়াসহ অন্যান্য আসামিদের আটকের বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি। আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

