নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহে নয় বছরের এক নাবালক শিশুকে বলাৎকারের প্রধান আসামি আবু রায়হান ওরফে রেনু ফকিরকে (৫৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। একই সাথে পৃথক আরেকটি অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, গত ২২ মার্চ সকাল আনুমানিক ৭টার দিকে ময়মনসিংহের নান্দাইল থানা এলাকায় নয় বছরের এক শিশু বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত আবু রায়হান ওরফে রেনু ফকির শিশুটিকে মজা (খাবার) কিনে দেওয়ার লোভ দেখিয়ে নিকটস্থ একটি ওয়ার্কশপে নিয়ে যায় এবং জোরপূর্বক বলাৎকার করে।
এ ন্যক্কারজনক ঘটনার পর ভিকটিমের বাবা বাদী হয়ে গত ২৪ মার্চ নান্দাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা রুজু হওয়ার পর র্যাব-১৪, ময়মনসিংহ (সিপিএসসি) ছায়াতদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেফতারে তৎপরতা চালায়।
এরই ধারাবাহিকতায়, গতকাল (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র্যাব-১১, নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের সহায়তায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার কড়ইবনা এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি আবু রায়হান ওরফে রেনু ফকিরকে গ্রেফতার করা হয়।
একই দিন রাত সাড়ে ১১টার দিকে র্যাব-১৪ এর আরেকটি আভিযানিক দল ময়মনসিংহের ত্রিশাল থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুই বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. সিদ্দিকুর রহমানকে (৩৭) গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, সিদ্দিকুর রহমান ঈশ্বরগঞ্জ থানার একটি মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। সে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার চরপুবাইল গ্রামের মো. আ. রহিমের ছেলে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
র্যাব-১৪ এর মিডিয়া অফিসার জানান, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় (নান্দাইল ও ঈশ্বরগঞ্জ) হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
