জামালপুর প্রতিনিধি: জামালপুরে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে জ্বালানি তেল (পেট্রোল) মজুদের দায়ে দুজনকে কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পেট্রোলিয়াম আইন লঙ্ঘন করে কৃত্রিম সংকট সৃষ্টি ও কালোবাজারির চেষ্টাকালে তাদের হাতেনাতে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সোমবার (৬ এপ্রিল) রাতে জামালপুর সদর উপজেলার গেইটপাড় স্টেশন রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- মো. হাবিব (৪৫) এবং নাজমুল হাসান (৩৩)।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, অসাধু একটি চক্র দীর্ঘদিন ধরে কৃত্রিম সংকট তৈরি করে বেশি মুনাফার লোভে জ্বালানি তেল অবৈধভাবে মজুদ করে আসছিল। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গেইটপাড় স্টেশন রোড এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় মো. হাবিব ও নাজমুল হাসানকে অবৈধভাবে মজুত করা পেট্রোলসহ হাতেনাতে আটক করা হয়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদের তারা স্বীকার করে, তারা অভিনব পদ্ধতিতে কালোবাজারি চালিয়ে আসছিল। বিভিন্ন ফিলিং স্টেশন থেকে নিজেদের মোটরসাইকেলের ট্যাংক পূর্ণ করে পেট্রোল কিনে আনতো। এরপর নিরাপদ স্থানে গিয়ে মোটরসাইকেলের ট্যাংক থেকে সেই পেট্রোল প্লাস্টিকের বোতলে ভরে মজুদ করতো। পরবর্তীতে এলাকায় যখন জ্বালানির চাহিদা বৃদ্ধির সুযোগকে কাজে লাগিয়ে মজুদকৃত তেল উচ্চমূল্যে খুচরা বাজারে বিক্রি করার পরিকল্পনা ছিল তাদের।

এসব অপরাধ প্রমাণ হওয়ায় ভ্রাম্যমাণ আদালত ‘পেট্রোলিয়াম আইন, ২০১৬’ লঙ্ঘনের দায়ে আটককৃত মো. হাবিব ও নাজমুল হাসানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অভিযান শেষে জামালপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন গণমাধ্যমকে জানান, “জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং কালোবাজারি রোধে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর কড়া নির্দেশনা রয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।”

তিনি আরও জানান, “যারা অবৈধভাবে জ্বালানি মজুদ করে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে এবং অতিরিক্ত মুনাফা লুটার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে পেট্রোলিয়াম আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

দণ্ডপ্রাপ্তদের রাতেই জামালপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। জেলা প্রশাসনের এমন কঠোর পদক্ষেপে স্থানীয় সাধারণ মানুষ ও বৈধ ব্যবসায়ীরা স্বস্তি প্রকাশ করেছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version