নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে একশো বোতল নেশাজাতীয় অবৈধ মাদক ‘এস্কাফ সিরাপ’ সহ মো. রবিউল ইসলাম (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘সাথী এন্টারপ্রাইজ’ নামক বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত রবিউল চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।
সোমবার (৬ এপ্রিল) বেলা সোয়া ১২টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল (রবিবার) রোববার ভোর সাড়ে ৪টার দিকে মির্জাপুর থানাধীন পাকুল্যা বাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকা রাস্তার ওপর চেকপোস্ট স্থাপন করে। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস ‘সাথী এন্টারপ্রাইজ’ চেকপোস্টে পৌঁছালে র্যাব সদস্যরা সেটিতে তল্লাশি চালান।
তল্লাশিকালে বাসের যাত্রী রবিউল ইসলামের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে তার হেফাজতে অবৈধ মাদকদ্রব্য ‘এস্কাফ সিরাপ’ থাকার কথা অকপটে স্বীকার করে।
পরে আটককৃত মাদক কারবারির দেওয়া তথ্য ও দেখানো মতে তার কাছে থাকা একটি ব্যাগের ভেতর থেকে একশো বোতল অবৈধ মাদক ‘এস্কাফ সিরাপ’ উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করতে সক্ষম হয় র্যাবের আভিযানিক দল।
র্যাব-১৪ এর মিডিয়া কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে- ধৃত মাদক কারবারি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাকে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।









