নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক অব্যবস্থাপনা ও দুর্দশা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

শনিবার (৪ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে ডা. তানজিরুল ইসরাম রায়হানে সভাপতিত্বে ও ডা. দীপা সরকারের সঞ্চালনায় হাসপাতালে সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন।

বক্তব্যের শুরুতেই দুর্গাপুর প্রেস ক্লাবের সাধারণ একটি উক্তি উদ্ধৃত করে ডেপুটি স্পিকার বলেন, “সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিবো কোথা। হাসপাতালে এসে দেখলাম হাসপাতালেরও সর্বাঙ্গে ব্যথা, এখন উনারা কীভাবে চিকিৎসাটা দিবেন।” তিনি উল্লেখ করেন, স্বাস্থ্যখাতের বেহাল দশা শুধু দুর্গাপুরের নয়, বরং কলমাকান্দার অবস্থাও ভয়াবহ। হালুয়াঘাট, ধোবাউড়া, কলমাকান্দা ও দুর্গাপুর- এ অঞ্চলগুলোতে স্বাস্থ্যসেবার একই চিত্র বিরাজ করছে বলে তিনি জানান।

হাসপাতালের প্রকৃত অবস্থা জেনে তিনি নিজেকে ‘স্তম্ভিত’ বলে উল্লেখ করেন। সাংবিধানিকভাবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রাষ্ট্রের বাধ্যবাধকতা হওয়া সত্ত্বেও বর্তমান পরিস্থিতিকে তিনি অত্যন্ত দুঃখজনক আখ্যা দেন। অবকাঠামোগত সমস্যা সমাধানের জন্য তিনি ইতোমধ্যে হাসপাতালের জমি, ব্যবহৃত ও অব্যবহৃত জমির পরিমাপসহ ফাইল চেয়েছেন। চিকিৎসকদের আবাসন সমস্যাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, চিকিৎসকদের মানসিক শান্তি ও ভালো আবাসন ছাড়া বিঘ্নিত চিকিৎসা সেবাই স্বাভাবিক।

ডাক্তাররা হাসপাতাল থেকে রোগীদের পর্যাপ্ত সেবা না দিয়ে ক্লিনিকগুলোতে সময় দিচ্ছেন- এমন অভিযোগের ভিত্তিতে তিনি প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ক্লিনিকগুলোর কাগজপত্র যাচাইয়ের হুঁশিয়ারি দেন। হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে তিনি ওসি ও প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন এবং দালালদের আইনের আওতায় আনার কথা বলেন। পাশাপাশি, তিনি আক্ষেপ করে জানান, নির্বাচন চলাকালীন সময়ে হাসপাতালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দল আসার ঘটনাটি হাসপাতালের জন্য চরম বদনামের। এ ধরনের পরিস্থিতি এড়াতে তিনি সংশ্লিষ্টদের সততার সাথে কাজ করার আহ্বান জানান।

হাসপাতালের বাইরে অপেক্ষারত রোগীদের হাতে শুধুমাত্র সাধারণ প্যারাসিটামল জাতীয় ওষুধ দেখে তিনি বিস্ময় প্রকাশ করেন। ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো পর্যাপ্ত ওষুধ দিচ্ছে কি না, নাকি চিকিৎসকরা শুধু গতানুগতিক ওষুধ লিখছেন, সে বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। চিকিৎসকদের আরও বেশি মানবিক হওয়ার অনুরোধ জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, “দরিদ্র ও অসহায় মানুষরাই এই হাসপাতালে আসেন। রোগীর মাথায় হাত দিয়ে একটি প্যারাসিটামল দিলেও অর্ধেক রোগ ভালো হয়ে যায়।” এ প্রসঙ্গে তিনি ভারতের মুম্বাইয়ের টাটা হাসপাতালে নিজের মায়ের চিকিৎসার অভিজ্ঞতা তুলে ধরে সেখানকার চিকিৎসকদের চমৎকার আচরণের প্রশংসা করেন।

নতুন চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, “পেশাদারিত্ব গড়ে তুলুন এবং যোগদানের অন্তত দুই বছরের মধ্যে বদলির তদবির করবেন না।”

মতবিনিময় সভায় প্রজেক্টরের মাধ্যমে হাসপাতালের বিভিন্ন চাহিদা তুলে ধরা হয়। এরমধ্যে উল্লেখযোগ্য ছিল রক্ত সংরক্ষণের জন্য ব্লাড ব্যাংকের প্রয়োজনীয়তা।

হাসপাতালের অ্যাম্বুলেন্স বিকল হয়ে পড়ে থাকার বিষয়ে তিনি স্বাস্থ্য ব্যবস্থার কমিটির ফান্ড থেকে অ্যাডহক ভিত্তিতে চালক নিয়োগ বা আউটসোর্সিংয়ের মাধ্যমে দ্রুত অ্যাম্বুলেন্স চালুর পরামর্শ দেন। এছাড়া, ঈদের সময় নার্সদের বদলির প্রবণতা বন্ধ করারও নির্দেশ দেন তিনি।

এত সীমাবদ্ধতার পরও দুর্গাপুর হাসপাতালটি জেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যক রোগীকে সেবা দিচ্ছে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি আশ্বাস দেন, সংসদ সদস্য হিসেবে মাত্র দেড় মাস দায়িত্ব গ্রহণের পর তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন এ অঞ্চলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং মন্ত্রণালয় পর্যায়ে কথা বলে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। হাসপাতালকে ১০০ বা ৫০ শয্যায় উন্নীত করার আগে বিদ্যমান ব্যবস্থার উন্নতি করে এই হাসপাতালকে জেলার শ্রেষ্ঠ হাসপাতালে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন ডেপুটি স্পিকার।

মতবিনিময় এ সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, দুর্গাপুরের ইউএনও আফসানা আফরোজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহসহ আরো অনেকে। এছাড়াও হাসপাতালে কর্মরত চিকিৎসক, বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীসহ জেলা ও উপজেলায় দায়িত্বরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share.

Comments are closed.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version