শুক্রবার, সেপ্টেম্বর ১৮

বাংলাদেশে একটি আধুনিক ড্রাইভিং স্কুল স্থাপন এবং এখান থেকে উত্তীর্ণ চালকদের জাপানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আগ্রহ প্রকাশ করেছে সে দেশের প্রতিষ্ঠান কান্টো গ্রুপ।

আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হকের সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎকালে প্রতিনিধি দলটি এই প্রস্তাবনা উপস্থাপন করে।

প্রতিনিধি দলে ছিলেন কান্টো গ্রুপের পরিকল্পনা ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপক মিউমি সাকায়ে এবং কান্টো ড্রাইভিং স্কুলের প্রিন্সিপাল আকিরা কাকিজাকি।

সাক্ষাৎকালে জাপানি প্রতিনিধি দল জানান, জাপানে বর্তমানে দক্ষ গাড়ি চালকের ব্যাপক চাহিদা রয়েছে। এই চাহিদা পূরণে তারা বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের ড্রাইভিং স্কুল স্থাপন করতে চান। এখান থেকে জাপানি ভাষা ও কারিগরি দক্ষতা অর্জনকারী চালকদের জাপানে কর্মসংস্থানের পরিকল্পনাও প্রতিমন্ত্রীর কাছে পেশ করা হয়।

প্রতিমন্ত্রী মো. নুরুল হক জাপানি প্রতিনিধি দলের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান। তিনি বলেন, জাপানের শ্রমবাজারের উপযোগী করে দক্ষ জনবল তৈরিতে বাংলাদেশ সরকার বদ্ধপরিকর। কান্টো গ্রুপের এই প্রস্তাবনা বাস্তবায়িত হলে বাংলাদেশি যুবকদের জন্য জাপানে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে। প্রতিমন্ত্রী তাদের এই প্রকল্পে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের প্রশাসনিক ও কারিগরি সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সভায় উপস্থিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. শহিদুল ইসলাম চৌধুরী প্রতিনিধি দলটিকে তাদের প্রস্তাবনাটি আরো বিস্তারিত ও আনুষ্ঠানিকভাবে মন্ত্রণালয়ে জমা দেওয়ার আহ্বান জানান। এর ফলে দ্রুততম সময়ে এই উদ্যোগের সম্ভাব্যতা যাচাই করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে বলে উল্লেখ করেন তিনি।

এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version