নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে পূর্ব শত্রুতার জেরে কিশোর নাইম শেখকে (১৭) কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর মামলার অন্যতম দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। তথ্য-প্রযুক্তির সহায়তায় ছায়াতদন্ত চালিয়ে ঘটনার মাত্র চার দিনের মাথায় তাদের আইনের আওতায় আনা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- টাঙ্গাইল জেলার মো. শরিফুল ইসলাম (৩২) এবং শামীম হোসেন (৩৩)।

সোমবার (৩০ মার্চ) দুপুর সোয়া ১টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় গতকাল রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল পৃথক দুটি অভিযান পরিচালনা করে। এর মধ্যে সখিপুর থানার যাদবপুর এলাকা থেকে মো. শরিফুল ইসলামকে এবং টাঙ্গাইল সদর থানার ঘারিন্দা বাইপাস এলাকা থেকে শামীম হোসেনকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার ও র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নিহত নাইম শেখ এবং হামলাকারীরা একে অপরের প্রতিবেশী। দীর্ঘদিন ধরে স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গত ২৫ মার্চ সকাল সোয়া ৭টার দিকে নাইম নিজ বাড়ি কালিহাতী থানাধীন রামদেবপুর থেকে পার্শ্ববর্তী শিমুল বাজারে যাওয়ার পথে হামলার শিকার হয়।

পূর্ব থেকে ওত পেতে থাকা আসামিরা দেশীয় ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে নাইমের ওপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এ সময় নাইমকে বাঁচাতে তার পরিবারের সদস্যরা এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাইম শেখকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত নাইমের বাবা ওসমানী আলী শেখ (৪৪) বাদী হয়ে পরদিন ২৬ মার্চ টাঙ্গাইলের কালিহাতী থানায় আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা রুজুর পর আসামিরা গা ঢাকা দিলে সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প ঘটনাটির ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে পলাতক এ মামলার অন্যতম আসামিদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয় এলিট ফোর্সটি।

গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Share.

Comments are closed.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version