শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচার রোধে শনিবার (২৮ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে অবৈধ বালু জব্দ করে থানা প্রাঙ্গণে নিয়ে আসে পুলিশ।

কারাদণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম শান্তিরঞ্জন দেবনাথ (৪৭)। তিনি সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার গলহা গ্রামের মৃত চন্দ্র ধর দেবনাথের ছেলে। পেশায় তিনি একজন ডাম্পট্রাক চালক।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, রংছাতি ইউনিয়নের হাসানোয়াগাঁও এলাকায় অসাধু চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে ডাম্প ট্রাকের মাধ্যমে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। শনিবার দুপুরে ওই এলাকায় চক্রটি বালু পাচারের প্রস্তুতি নিচ্ছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে দুপুর ২টার দিকে সেখানে ঝটিকা অভিযানে নামে সঙ্গীয় ফোর্সসহ কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল্লাহ নেতৃত্বে পুলিশের একটি দল।

পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের মূল হোতা ও অন্যান্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও, স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে ডাম্প ট্রাক চালক শান্তিরঞ্জন দেবনাথকে হাতেনাতে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আনুমানিক ৫২০ ঘনফুট অবৈধ চিকন বালু জব্দ করে থানায় নিয়ে আসা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার আটশো টাকা।

আটককৃত চালক অপরাধ স্বীকার করলে, ২০১০ সালের ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’ অনুযায়ী অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনে জড়িত থাকার অপরাধে শান্তিরঞ্জন দেবনাথকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন অভিযান ও সাজার সত্যতা নিশ্চিত করে জানান, “ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শনিবার দুপুরেই নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।”

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাকৃতিক সম্পদ রক্ষা ও জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনকারী এবং পাচারকারী সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Share.

Comments are closed.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version