নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ছয় বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের মামলায় দীর্ঘ ছয় মাস পলাতক থাকার পর মূল অভিযুক্ত নিপেন সেনকে (৪৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২৭ মার্চ) রাত পৌনে ১০টার দিকে র্যাব-১৪, ময়মনসিংহ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন। এরআগে এদিন বিকেলে রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটে গত বছরের ২৭ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে। অভিযুক্ত নিপেন সেন এবং ভুক্তভোগী শিশুর পরিবার একই গ্রামের বাসিন্দা। ঘটনার দিন নিপেন সেনের ছেলের বিবাহিত নতুন বউকে দেখার জন্য ছয় বছর বয়সী অবুঝ শিশুটি তাদের বাড়িতে যায়। বাড়িতে অন্য কোনো লোকজন না থাকার সুযোগ নেয় লম্পট নিপেন। সে শিশুটিকে খেলার প্রলোভন দেখিয়ে ঘরের ভেতর নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে।
এ নির্যাতনের পর শিশুটি কান্নারত অবস্থায় বাড়িতে ফিরে আসে এবং তার মায়ের কাছে বিস্তারিত ঘটনা খুলে বলে। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
এ ন্যক্কারজনক ঘটনার পরদিন, অর্থাৎ ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে ময়মনসিংহের তারাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলা রুজু হওয়ার পরপরই ধর্ষক নিপেন সেন এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। এরপর র্যাব-১৪ এর সদর কোম্পানি (ময়মনসিংহ) ঘটনাটির ছায়াতদন্ত শুরু করে এবং পলাতক আসামিকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
দীর্ঘদিন পলাতক থাকার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৪ এর আভিযানিক দল আসামির বর্তমান অবস্থান নিশ্চিত করে। এরই ধারাবাহিকতায় আজ (শুক্রবার) বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কদমতলী থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সিপিসি-১, র্যাব-১০, যাত্রাবাড়ীর সার্বিক সহায়তায় পরিচালিত এ অভিযানে পলাতক ধর্ষক নিপেন সেনকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
র্যাব-১৪ এর মিডিয়া অফিসার জানান, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ জেলার তারাকান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
