জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলার কালিবাড়ি বাজার এলাকায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারকালে প্রায় তিন হাজার লিটার পেট্রোলসহ সাত ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার (২৫ মার্চ) মধ্যরাতে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার মধ্যরাতে কয়েকটি যানবাহনে করে বেশ কিছু ড্রামে ভর্তি পেট্রোল গোপনে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছিল। রাতের আঁধারে সন্দেহজনকভাবে তেলভর্তি গাড়িগুলো চলতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এরপর এলাকাবাসী একজোট হয়ে গাড়িগুলোর গতিরোধ করে তল্লাশি চালায়। এ সময় গাড়ির ভেতরে বিপুল পরিমাণ পেট্রোলের ড্রাম দেখতে পেয়ে তারা গাড়িতে থাকা সাত জনকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত ব্যক্তিরা জামালপুর ও বগুড়া জেলার বাসিন্দা।

এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ, একটি অসাধু চক্র সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে আসছে। তারা সিন্ডিকেটের মাধ্যমে জ্বালানি তেল মজুত করে পরবর্তীতে তা কালোবাজারে চড়া দামে বিক্রি করে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। কালিবাড়ি বাজার এলাকা দিয়ে পাচার হওয়া তিন হাজার লিটার পেট্রোলও কৃত্রিম সংকট তৈরি করে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যেই নেওয়া হচ্ছিল বলে দাবি স্থানীয়দের।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এ বিষয়ে জামালপুর থানার অফিসার ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “তেল পাচারের সময় এলাকাবাসী সাত ব্যক্তিকে আটক করেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছি। তারা সেখানে অবস্থান করছে এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।”

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version