শনিবার, অক্টোবর ১০

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলায় প্রকাশ্য স্থানে মাদক সেবনরত অবস্থায় দুই যুবককে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামস্থ হেলিপ্যাড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সাজাপ্রাপ্ত যুবকরা হলেন- মদন উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের মো. কাঞ্চন মিয়ার ছেলে মো. সোহাগ মিয়া (২২) এবং একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মানোয়ার হোসেন (২০)।

নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল জাহাঙ্গীরপুর হেলিপ্যাড এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার পাশ থেকে মাদক সেবনরত অবস্থায় সোহাগ ও মানোয়ারকে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। মদন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাওলিন নাহার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আটককৃত দুই যুবককে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাশাপাশি অর্থদণ্ড প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, সাজাপ্রাপ্ত ওই দুই আসামিকে এরই মধ্যে নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। যুবসমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version