নিজস্ব প্রতিবেদক: দৈনিক মানবজমিন পত্রিকার নেত্রকোনা প্রতিনিধি ও কলম সৈনিক চাঁন মিয়া আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভোগার পর আজ (শুক্রবার) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মরহুমের ভাই খাইরুল ইসলামের সাথে কথা বলে মৃত্যুর তথ্যটি নিশ্চিত হওয়া গেছে।
তিনি জানান, আজ (শুক্রবার) দুপুর দেড়টার দিকে মমেক হাসপাতালে তার চাচাতো ভাই চাঁন মিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি পেটের এবং পায়ের জটিল সমস্যায় ভুগছিলেন। তার পেট বলের মতো ফুলে শক্ত হয়ে যেত এবং এর পাশাপাশি তার ডায়াবেটিসও ছিল।
তার ভাই গত প্রায় দেড় মাস ধরে বিছানায় শয্যাশায়ী ছিলেন। এরআগে তিনি দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন এবং সর্বশেষ ১৮ তারিখে তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই ছেলে রেখে গেছেন, তার কোনো মেয়ে নেই। তার স্ত্রী পেশায় গৃহিণী এবং দুই ছেলেই বর্তমানে শিক্ষার্থী।
খাইরুল ইসলাম আরও জানান, আজ রাত সাড়ে ৮টায় মরহুমের নিজ গ্রামের এলাকায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে নিজ বাড়ির পারিবারিক গোরস্থানে তার মৃতদেহ দাফন করা হবে।
জানা গেছে, হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে ইতোমধ্যেই তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। তার এ অকাল মৃত্যুতে নেত্রকোনার সাংবাদিক অঙ্গনসহ স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
