ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
আসন্ন ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান। এ উপলক্ষে তিনি ভালুকা উপজেলার সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে একটি খোলা চিঠি দিয়েছেন, যেখানে তিনি উপজেলার উন্নয়ন, জনসেবা এবং তরুণ নেতৃত্বের অঙ্গীকার তুলে ধরেছেন। খোলা চিঠিতে তিনি বলেন, “আমাদের ভালুকা আমরাই গড়বো নবীন ও প্রবীণ মিলেমিশে স্বপ্ন পূরণ করবো।”
তিনি নিজেকে ভালুকার সন্তান ও মানুষের ভাই হিসেবে পরিচয় দিয়ে জানান, তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভালুকা উপজেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শে বিশ্বাসী একজন কর্মী হিসেবে রাজনীতিকে ক্ষমতার সিঁড়ি নয়, বরং মানুষের সেবার একটি মহৎ মঞ্চ হিসেবে দেখেন। ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান বলেন, ভালুকা কেবল একটি ভৌগোলিক এলাকা নয় এটি মানুষের শেকড়, স্বপ্ন ও ভবিষ্যতের প্রতীক। এ উপজেলার মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা, শিল্প ও অবকাঠামোগত অগ্রগতির মাধ্যমে একটি আধুনিক ও মানবিক উপজেলা গড়ে তোলাই তাঁর লক্ষ্য। তিনি আরও বলেন, একজন প্রকৌশলী হিসেবে তিনি পরিকল্পিত উন্নয়নে বিশ্বাসী।
এলোমেলো প্রতিশ্রুতি নয়, বরং বাস্তবসম্মত ও সময়োপযোগী কর্মপরিকল্পনার মাধ্যমে ভালুকাকে এগিয়ে নিতে চান। জনগণের আস্থা ও ভালোবাসা পেলে তিনি দিন-রাত নিরলস পরিশ্রম করে উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। খোলা চিঠিতে তিনি উল্লেখ করেন, উপজেলা পরিষদ কোনো নির্দিষ্ট দলের একক প্রতিষ্ঠান নয়; এটি জনসেবার একটি গুরুত্বপূর্ণ দপ্তর, যেখানে দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের কল্যাণ নিশ্চিত করাই মূল লক্ষ্য হওয়া উচিত। ধনী-গরিব, তরুণ-প্রবীণ সকলের জন্য তাঁর দুয়ার উন্মুক্ত থাকবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন। এছাড়াও, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান ভালুকার সর্বস্তরের জনগণকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন।
এক বার্তায় তিনি বলেন, “ঈদ হোক সম্প্রীতির, সৌহার্দ্যের ও ভ্রাতৃত্ববোধের বন্ধনে আবদ্ধ হওয়ার এক অনন্য উপলক্ষ। সকলের জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ।” ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান বলেন, ভালুকাকে একটি নিরাপদ, শিক্ষিত, শিল্পসমৃদ্ধ ও আধুনিক উপজেলায় রূপান্তর করতে তিনি সকলের সহযোগিতা, দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করেছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তরুণ নেতৃত্বের এই আগ্রহ ভালুকার স্থানীয় রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করতে পারে এবং উন্নয়নমুখী নেতৃত্বের প্রত্যাশা জোরদার করতে পারে।
