ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের আরও সাতটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার।

বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে গতকাল পৃথক পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগাদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আল ফোরকান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মো. রইছ উদ্দীন।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানকে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মো. নূরুল ইসলাম।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান।

একই সঙ্গে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে একই বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মাছুদকে।

এই সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়োগ আদেশের শর্তে হিসেবে প্রজ্ঞাপনে বলা হয়, এসব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর।

নবনিযুক্ত উপাচার্যগণ তাদের বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাদের সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

এদের সবাইকে বিশ্ববিদ্যালয়ের পৃথক পৃথক আইন ও অধ্যাদেশ অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) আলিফ রুদাবা প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন গত সোমবার সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, দেশের সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশাসনিক গতিশীলতা আনতে সরকার এসব বিশ্ববিদ্যালয়ে উপচার্য পদে নতুন নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version