নিজস্ব প্রতিবেদক: বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজ ছাত্রীকে (১৯) একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার মূল ও পলাতক আসামি মো. কাউছারকে (২১) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতারকৃত মো. কাউছারের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।
রবিবার (১৫ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সহকারী পরিচালক) এক প্রেস রিলিজের মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন। গতকাল শনিবার বিকেলে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার ও র্যাব সূত্রে জানা যায়, মো. কাউছারের সাথে ওই কলেজ ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে একটি বাসা ভাড়া নেন। সেখানে অবস্থানকালে গত বছরের ২০ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে কাউছার।
ঘটনার পর প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভিকটিম নিজেই বাদী হয়ে গত বছরের ৬ অক্টোবর কিশোরগঞ্জ সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি রুজু করা হয়।
মামলা দায়েরের পর থেকেই আসামি কাউছার এলাকা ছেড়ে পালিয়ে যায়। এরপর সিপিসি-২, র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের ঘটনার ছায়াতদন্ত শুরু করে এবং পলাতক আসামিকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
দীর্ঘ তদন্ত ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার (১৪ মার্চ) বিকেল ৪টা ৫ মিনিটে ঢাকার উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাব-১, উত্তরা, ঢাকা’র সার্বিক সহায়তায় পলাতক ধর্ষক মো. কাউছারকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা।
র্যাব-১৪ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ইতোমধ্যে কিশোরগঞ্জ সদর থানা পুলিশের হস্তান্তর করা হয়েছে।
