নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা ও একটি সিএনজি অটোরিকশাসহ আন্তঃজেলা মাদক পাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। জব্দকৃত গাঁজা ও সিএনজির অবৈধ বাজারমূল্য আনুমানিক ১৪ লাখ টাকা।
মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টা নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিন দুপুর ১টা ১০ মিনিট থেকে আড়াইটার মধ্যে কেন্দুয়া থানাধীন সান্দিকোনা ইউনিয়নের পেরীর মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার চানপুর গ্রামের মো. কবির (৩৪), একই থানার গিলামোড়া গ্রামের মো. মনিরুল ইসলাম (২২), হবিগঞ্জ জেলার মাধবপুর থানার সোয়াবই গ্রামের মো. সোহাগ মিয়া (২৮) এবং ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার ইসুলিয়া গ্রামের মো. রিপন মিয়া (৪০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোনা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি রেইডিং টিম মঙ্গলবার দুপুরে কেন্দুয়া থানাধীন সান্দিকোনা ইউনিয়নের পেরীর মোড় এলাকাস্থ ইউসুফ আলী মার্কেটের সামনে কেন্দুয়া-আঠারবাড়িগামী পাকা রাস্তার ওপর একটি অস্থায়ী চেকপোস্ট বসায়। চেকপোস্টে বিভিন্ন যানবাহন তল্লাশিকালে সন্দেহভাজন একটি সবুজ রঙের সিএনজি চালিত অটোরিকশা থামানো হয়।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে সিএনজির ভেতর থেকে আকাশি রঙের পলিথিনের ওপর খাঁকি রঙের স্কচটেপ দ্বারা মোড়ানো ১৫টি পোটলা উদ্ধার করা হয়। এরমধ্যে ১৪টি পোটলায় ২৯ কেজি এবং অপর একটি পোটলায় এক কেজিসহ ৩০ কেজি গাঁজা পাওয়া যায়। যার অবৈধ বাজারমূল্য আনুমানিক নয় লাখ টাকা। এ সময় গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত পাঁচ লাখ টাকা মূল্যের সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয় এবং ওই চার মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।
এ বিষয়ে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে আটককৃত আসামিদের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
