নিজস্ব প্রতিবেদক: জামালপুরে একটি প্রাইভেটকারে বিশেষ কায়দায় লুকিয়ে পাচারের সময় ২৫ কেজি নয়শো গ্রাম গাঁজাসহ মো. আমির হোসেন (৪১) নামে এক পেশাদার মাদককারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য পাঁচ লাখ ১৮ হাজার টাকা।
বুধবার (৪ মার্চ) দুপুর ১২টায় র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সহকারী পরিচালক) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (মঙ্গলবার) রাত পৌনে ১০টার দিকে জামালপুর সদর থানার ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের কানিল রেলগেইট সংলগ্ন পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে র্যাব-১৪ (সিপিসি-১) এর আভিযানিক দল। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার তল্লাশি করে চালকের আসনে থাকা আমির হোসেনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক বহনের কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৫ কেজি নয়শো গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আমির হোসেন একজন পেশাদার ও চিহ্নিত মাদককারবারি। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। এরমধ্যে গত ২০২৫ সালের ২৯ জুন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় এবং ২০২১ সালের ২৫ জানুয়ারি রাজধানীর ডেমরা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাকে জামালপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।


