সোমবার, সেপ্টেম্বর ২১

নিজস্ব প্রতিবেদক: হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই ভাই এবং মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪)। ময়মনসিংহ ও ঢাকার উত্তরা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে দীর্ঘদিনের পলাতক আসামিদেরকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুর আড়াইটায় র‌্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সহকারী পরিচালক) এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব-১৪ (সিপিএসসি) ময়মনসিংহের একটি আভিযানিক দল আজ (মঙ্গলবার) ভোর আনুমানিক ৩টার দিকে ময়মনসিংহের ভালুকা থানা এলাকায় অভিযান চালায়। এ সময় ফুলপুর থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি দুই ভাইকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. ইসমাইল হোসেন (৩৭) এবং সিরাজুল ইসলাম। তারা উভয়েই ফুলপুর থানার মাটিচাপুর গ্রামের মৃত আব্দুল ওয়াহাবের ছেলে। আসামিদের বিরুদ্ধে ফুলপুর থানায় ২০১০ সালের একটি হত্যা মামলা রয়েছে। এ মামলায় তারা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

এরআগে গতকাল (সোমবার) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে অপর এক অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১৪ (সিপিএসসি) এবং র‌্যাব-১ (সিপিসি-২, উত্তরা) এর যৌথ আভিযানিক দল ডিএমপি’র উত্তরা পূর্ব থানা এলাকায় এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত আসামির নাম মো. রাব্বি (২৪)। সে ময়মনসিংহের ধোবাউড়া থানার ঝিগাগাছিয়া গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে। ২০১৮ সালে সাভার মডেল থানায় দায়েরকৃত একটি মাদক মামলায়, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছিল।

র‌্যাব-১৪ এর মিডিয়া অফিসার জানান, গ্রেফতারকৃত তিন আসামির বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি ছিল এবং তারা দীর্ঘদিন ধরে পলাতক অবস্থায় জীবনযাপন করছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের নিজ নিজ সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version