তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে মৌলভীবাজারে ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ১৬ টাকার লেবু ৮০ টাকায় বিক্রির অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়। আজ রোববার দুপুরে সিলেট বিভাগের সর্ববৃহৎ পাইকারি লেবুর বাজার হিসেবে পরিচিত শ্রীমঙ্গল নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন। এ সময় বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রিসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, রমজানকে কেন্দ্র করে লেবুসহ বিভিন্ন পণ্যের চাহিদা বাড়ায় কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করছিলেন। বিষয়টি নজরে আসার পর তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়।

উল্লেখ্য, গত ২১শে ফেব্রুয়ারি একটি বেসরকারি চ্যানেলে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয় এবং পরবর্তীতে এ অভিযান পরিচালিত হয়। ভোক্তা অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version