নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে তিন সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে অনুষ্ঠিত সংগঠনের এক বিশেষ মাসিক সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন এই আহ্বায়ক কমিটিতে সাংবাদিক ও কবি সজিম সাইনকে আহ্বায়ক, সাংবাদিক আলী উসমানকে সদস্য সচিব এবং সাংবাদিক আদনানুর রহমানকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
সংগঠন সূত্রে জানা যায়, পূর্ববর্তী (২০২৬-২০২৭) পর্ষদের সভাপতির বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ওঠে। এর মধ্যে সদস্যদের প্রতি সভাপতির অসদাচরণ, সদস্যদের বিরুদ্ধে চক্রান্ত ও অবমূল্যায়ন, সাংগঠনিক বিষয়ে বিভিন্ন স্বৈরাচারী সিদ্ধান্ত গ্রহণ এবং একক সিদ্ধান্তে যাচ্ছেতাই ভাবে কর্মসূচি দিয়ে সংগঠনের সুনাম ক্ষুন্ন করার মতো গুরুতর অভিযোগ রয়েছে।
এসব অভিযোগের প্রেক্ষিতে শনিবার রাতের সভায় ১৩ জন সদস্যের মধ্যে ১০ জন সদস্য বর্তমান পর্ষদের প্রতি লিখিতভাবে অনাস্থা জ্ঞাপন করেন। সংখ্যাগরিষ্ঠের এই অনাস্থার ভিত্তিতে সংবিধান মোতাবেক পূর্বের কমিটিকে বিলুপ্তি ঘোষণা করে নতুন এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নতুন দায়িত্ব পাওয়ার পর নবগঠিত কমিটির আহ্বায়ক সজিম সাইন জানান, “সংগঠনের বর্তমান সংকট কাটাতে এবং নানাবিধ কাঠামোগত সংস্কারের লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। সংস্কার কাজ শেষে চলতি বছরের মধ্যেই একটি সুষ্ঠু সাধারণ নির্বাচনের মাধ্যমে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।”
উল্লেখ্য, গত বছর (২০২৫ সাল) ডিসেম্বরে গোপন ব্যালটে ভোটগ্রহণের মাধ্যমে সাংবাদিক সমিতির ওই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু মাত্র কয়েক মাসের মাথাতেই অভ্যন্তরীণ কোন্দল ও স্বেচ্ছাচারিতার অভিযোগে সেই কমিটি ভেঙে দিতে বাধ্য হলেন সাধারণ সদস্যরা।


