গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইল ব্যাংকিং হ্যাকিং চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে তাদের আটক করা হয়। গ্রেপ্তার হওয়া চারজন হলেন উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের কাজীর চক গ্রামের শহিদুল ইসলামের ছেলে স্বপন মিয়া (২০), শামছুর রহমানের ছেলে সৌরভ রহমান (২১), মৃত আব্দুল মান্নানের ছেলে হাসানুর রহমান (২২) এবং সরকারপাড়া গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে নুর আলম (২২)।
পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাতাভোগীসহ সাধারণ মানুষের বিকাশ ও নগদ একাউন্ট হ্যাক করে অর্থ আত্মসাৎ করে আসছিল। প্রযুক্তিগতভাবে দক্ষ এই চক্রটি মোবাইল হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণামূলক লেনদেন পরিচালনা করত। গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।
