দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে চলা বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সরকারের ভূমি প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি জোর দিয়ে বলেন, “রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে আইনজীবী সমিতিতে সকল সদস্যের সমান অধিকার নিশ্চিত করতে হবে।”

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনা জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে সাধারণ আইনজীবীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শফিউল হক তালুকদার কিরণের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ডা. মো. আনোয়ারুল হক এবং নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম হিলালী।

আইনজীবীদের উদ্দেশে দেওয়া নির্দেশনামূলক বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল অতীতের বিভিন্ন বঞ্চনা, অবিচার এবং পেশাগত হয়রানির কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, “বাংলাদেশ দীর্ঘদিন এক বিচারহীনতার সংস্কৃতিতে আবদ্ধ ছিল। বিচারের নামে অনেক ক্ষেত্রেই অবিচার হয়েছে। সেই অবিচার যেন ভবিষ্যতে আর না হয়, সে বিষয়ে আমাদের সচেষ্ট থাকতে হবে। সত্যিকার অর্থে ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই একজন আইনজীবীর প্রধান দায়িত্ব।”

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব এবং বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল অতীতে রাজনৈতিক কারণে আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনে বাধার শিকার হওয়ার বিষয়টি তুলে ধরেন। এ সময় তিনি প্রয়াত আইনজীবী মুকুল সাহেবের কষ্টের কথা স্মরণ করে বলেন, “একজন পেশাদার আইনজীবী যখন রাজনৈতিক প্রভাব বা পেশিশক্তির কারণে কোর্টে যেতে পারেন না, এর চেয়ে বড় কষ্টের আর কিছু নেই। অতীতে অনেকেই এমন অবিচারের নীরব বা সরব সাক্ষী ছিলেন। আমরা সেই ধরনের ঘটনার পুনরাবৃত্তি চাই না।”

তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ন্যায়বিচার, ইনসাফ এবং আইনের শাসনের মাধ্যমে আমরা একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। বারের প্রত্যেক সদস্যকে, তার রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, সমানভাবে মূল্যায়ন করতে হবে। আসুন আমরা সবাই মিলে একটি উন্নত ও মানবিক বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করি।”

মতবিনিময় এ অনুষ্ঠানে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়বাদী মহিলা দল, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ড. আরিফা জেসমিন নাহীনসহ নেত্রকোনা জেলার প্রবীণ ও নবীন আইনজীবীরা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রীর এমন সৌহার্দ্যপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থিত আইনজীবীদের মধ্যে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version