দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় চোরাচালান, মাদক কারবার এবং পুলিশের অভিযানে বাধা দিয়ে ‘মব’ সৃষ্টির মামলায় গ্রেপ্তার হওয়া রংছাতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুন মিয়াকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলা স্বেচ্ছাসেবক দলের উপজেলা কমিটির ১নং যুগ্ম-আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত দলীয় চিঠির মাধ্যমে এতথ্য নিশ্চিত করা হয়।

জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি রাতে কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী রংছাতি ইউনিয়নে চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে নেত্রকোনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। অভিযোগ রয়েছে, অভিযান চলাকালে একদল ব্যক্তি সংঘবদ্ধ হয়ে মব সৃষ্টি করে আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা প্রদান করে এবং পুলিশের ওপর হামলা চালায়।

পরবর্তীতে এ ঘটনায় দায়ের করা মামলায় সরকারি কাজে বাধা প্রদান, বল প্রয়োগ করে মব সৃষ্টি, হামলা এবং মাদকসহ চোরাকারবারির সাথে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়। দায়েরকৃত মামলায় ডাইয়ারকান্দা গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে ও রংছাতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুন মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে নেত্রকোনা জেলা কারাগারে রয়েছেন।

গ্রেফতারের পর আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কলমাকান্দা উপজেলা শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন আজাদ (আয়নল) ও সদস্য সচিব ইয়াসিন আরাফাত মামুন মিয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন।

উপজেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বহিষ্কারাদেশের চিঠিতে উল্লেখ করা হয়, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সামাজিক বিশৃঙ্খলা এবং নৈতিক অবক্ষয়জনিত অভিযোগের প্রেক্ষিতে’ তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আজাদ (আয়নল) বলেন, “দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়- এমন কোনো কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর অঙ্গসংগঠন তা কখনো প্রশ্রয় দেয় না। মামলায় আসামি হওয়ার পর প্রাথমিকভাবে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি ও বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে তদন্তের অগ্রগতির ভিত্তিতে আরও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে পুলিশ জানিয়েছে, পুলিশের ওপর হামলা ও চোরাচালানের ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version