নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জে অভিযান চালিয়ে দুইশো পিস ইয়াবা ট্যাবলেটসহ আনাছ (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেফতারকৃত আনাছ মোহনগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের দেওথান গ্রামের মৃত হাজী ওয়াকিল উদ্দিন ও কুমকুম বেগম দম্পত্তির ছেলে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয় থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে। এরআগে বিকেলে উপজেলার দেওথান এলাকায় ওই যুবকের নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে ৪টা থেকে সোয়া ৫টার মধ্যে মোহনগঞ্জ পৌরসভার দেওথান গ্রামে একটি রেইডিং টিম অভিযান পরিচালনা করে। এ সময় আসামি আনাছের নিজ দখলীয় চার কক্ষবিশিষ্ট দক্ষিণ দুয়ারী টিনশেড বসতঘরের উত্তর-পশ্চিম পাশের কক্ষে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে একটি জিপারযুক্ত নীল রঙের পলি প্যাকেটের ভেতর থেকে অ্যামফিটামিনযুক্ত কমলা বর্ণের দুইশো পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ২০ গ্রাম, যার অবৈধ বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা বলে জানিয়েছে ডিএনসি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আরও জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হুদা বাদী হয়ে মোহনগঞ্জ থানায় এ মামলাটি দায়ের করবেন।
