নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে আধা কেজি (৫০০ গ্রাম) গাঁজাসহ তিন মাদকসেবী ও কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে মোহনগঞ্জ থানাধীন উপজেলা মৎস্য ভবনের পেছনের এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- দুইশো গ্রাম গাঁজাসহ মোহনগঞ্জ থানার টেঙ্গাপাড়া গ্রামের মো. মুসলিম উদ্দিনের ছেলে মো. আমিন হোসেন (২১), দুইশো গ্রাম গাঁজাসহ একই গ্রামের স্বপন মিয়ার ছেলে মো. আসলাম মিয়া (২০) এবং একশো গ্রাম গাঁজাসহ দেওথান গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে আমির হোসেন (২৬)।

নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে মোহনগঞ্জ মৎস্য ভবনের পেছনে অভিযান চালায় অধিদপ্তরের একটি দল। এ সময় সেখানে মাদক সেবনরত অবস্থায় এবং সংরক্ষণের দায়ে ওই তিন যুবককে হাতেনাতে আটক করা হয়। তল্লাশি করে আমিন ও আসলামের কাছ থেকে ২০০ গ্রাম করে মোট ৪০০ গ্রাম এবং আমিরের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

অভিযান চলাকালে ঘটনাস্থলে উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মোহনগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের।

তিনি জানান, আটককৃতরা নিজেদের দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে বুধবার বিকেলেই কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version