নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ত্রিশালে চাঞ্চল্যকর সংঘবদ্ধ ধর্ষণ মামলার অন্যতম পলাতক আসামি ফরিদকে (৩২) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সোয়া ৩টার দিকে র্যাব-১৪ (সিপিএসসি) এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে গতকাল মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে ময়মনসিংহ সদর থানাধীন টাউনহল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার ও র্যাব সূত্রে জানা যায়, মামলার প্রধান আসামি বাদশা মিয়ার (২৬) সঙ্গে ভুক্তভোগী নারীর প্রেমের সম্পর্ক ছিল। এ সম্পর্কের সূত্র ধরে গত বছরের ১৬ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্রহ্মপুত্র নদের তীরের একটি জঙ্গল এলাকায় দেখা করতে যান ওই নারী। সেখানে যাওয়ার পর বাদশা মিয়া ওই নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
শুধু তাই নয়, এরপর বাদশা তার সহযোগী ফরিদসহ মামলার অন্যান্য আসামিদের মোবাইল ফোনে কল করে ঘটনাস্থলে ডেকে আনে। পরবর্তীতে তারা সবাই মিলে যোগসাজশে ভুক্তভোগীকে পালাক্রমে সংঘবদ্ধ ধর্ষণ করে।
এই পৈশাচিক ঘটনার পর গত ১৯ ডিসেম্বর ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে ময়মনসিংহের ত্রিশাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন (মামলা নং-১৩)। মামলাটি রুজু হওয়ার পর থেকেই আসামিদের গ্রেফতারে তৎপর হয় র্যাব-১৪। তারা ঘটনার ছায়াতদন্ত শুরু করে এবং পলাতক আসামিদের অবস্থান শনাক্তের চেষ্টা চালায়।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান নিশ্চিত হয়ে ময়মনসিংহ শহরের টাউনহল এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের আভিযানিক দল। অভিযানে সংঘবদ্ধ ধর্ষণের অন্যতম সহযোগী ফরিদকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা।
র্যাব-১৪ এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামি ফরিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ময়মনসিংহের ত্রিশাল থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে।


