নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৬০ বোতল বিদেশী মদসহ মো. আশিক ইকবাল (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ছয় লক্ষ টাকা। এ সময় মো. কাসেম আলী (৫০) নামে অপর এক মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত মো. আশিক ইকবাল সিরাজগঞ্জ জেলার বাসিন্দা। অন্যদিকে, পলাতক আসামি মো. কাসেম আলীর বাড়ি গাজীপুর জেলায় বলে জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটের দিকে সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল রেলওয়ে স্টেশন এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। টহল দলটি ময়মনসিংহ রেলস্টেশনের প্লাটফর্মে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দুজন ব্যক্তি তাদের হেফাজতে থাকা একটি বস্তা ফেলে রেখে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে আশিক ইকবালকে আটক করতে সক্ষম হয় র্যাব। তবে তার সহযোগী কাসেম আলী কৌশলে পালিয়ে যায়।
পরবর্তীতে আটককৃত আশিককে জিজ্ঞাসাবাদের সময় স্বীকার করে, ফেলে যাওয়া ওই বস্তার ভেতর অবৈধ বিদেশী মদ রয়েছে। একইসাথে সে তার পলাতক সহযোগীর নাম-পরিচয় প্রকাশ করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বস্তাটি তল্লাশি করে ৬০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। মাদক ছাড়াও আসামির কাছ থেকে একটি মোবাইল ফোন এবং মাদক বেচাকেনার নগদ ৮০০ টাকা জব্দ করে র্যাব।
র্যাব-১৪ এর মিডিয়া অফিসার জানান, গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত মাদক কারবারিকে ইতোমধ্যেই ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


