নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী এলাকায় অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে দুজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্তরা হলেন- নেত্রকোনা সদর উপজেলার সাতপাই গ্রামের মৃত নূরু ইসলামের ছেলে দীন ইসলাম (৩২) এবং বাহিরচাপড়া গ্রামের আলিম উদ্দিনের ছেলে সাজন মিয়া (৪০)।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক ও মডেল থানার পরিদর্শক (তদন্ত) চম্পক দাম তাদের দুজনের সাথে কথা বলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, নেত্রকোনা মডেল থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনাকালে কালিয়ারা গাবরাগাতী এলাকা থেকে একটি বালুভর্তি ট্রাক আটক করে। এ সময় ট্রাকের চালককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির বিষয়টি স্বীকার করেন। বিষয়টি ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা বিনতে রফিককে অবগত করা হলে তিনি গতকাল রবিবার দিনগত রাত আনুমানিক ২টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আরও জানা যায়, প্রাথমিকভাবে তাদেরকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। জরিমানা পরিশোধে ব্যর্থ হওয়ায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’ অনুযায়ী তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে নেত্রকোনা সদর উপজেলার ইউএনও আসমা বিনতে রফিক জানান, আটককৃত দুজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরও নিশ্চিত করেন ট্রাকটি জব্দ করা হয়নি, তবে জব্দকৃত বালু সরকারি কাজে ব্যবহার করা হবে।
নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) চম্পক দাম জানান, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত আসামিদেরকে রাতেই জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


