নিজস্ব প্রতিবেদক: বৃটিশ বিরোধী বিপ্লবী, টঙ্ক আন্দোলনের অন্যতম নারী সংগঠক, কেন্দ্রীয় কৃষক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা কমরেড অনিমা সিংহের ৯৮তম জন্মবার্ষিকী নেত্রকোনার দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে দুর্গাপুরের কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর মিলনায়তনে বাংলাদেশ কৃষক সমিতি, দুর্গাপুর উপজেলা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক সমিতির সভাপতি মো. আব্দুল মালেক সরকার এবং সঞ্চালনায় ছিলেন দুর্গাপুর উপজেলা ও নেত্রকোনা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম।
এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য এবং কমরেড মণি সিংহ ও অনিমা সিংহের একমাত্র সন্তান ডা. দিবালোক সিংহ। তিনি বিপ্লবী এই নেত্রীর বর্ণাঢ্য জীবন ও কর্মের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, উদীচীর সভাপতি শামছুল আলম খান, ক্ষেতমজুর সমিতির সভাপতি মো. আজিম উদ্দিন, আদিবাসী নেতা অবনী কান্ত হাজং-সহ যুব ইউনিয়ন ও ছাত্র ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষাণ-কৃষাণী ও স্থানীয় সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, কমরেড অনিমা সিংহ সক্রিয় ছাত্র রাজনীতি করার সময় থেকেই মার্কসবাদের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন। শ্রমজীবী কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে নিজেকে শামিল করতে তিনি কমিউনিস্ট পার্টির সংস্পর্শে আসেন এবং নিজের দৃঢ়তা ও কাজের মাধ্যমে পার্টির সদস্যপদ লাভ করেন। কৃষকদের প্রতি সুগভীর মমত্ববোধ থেকে তিনি গ্রামে গ্রামে গিয়ে কৃষক পরিবারগুলোর সাথে সখ্যতা গড়ে তোলেন এবং তাদের অধিকার আদায়ের রাজনীতিতে সম্পৃক্ত করেন।
