ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ভালুকা উপজেলা চত্বরে বিশ্ব সাহিত্য কেন্দ্র-এর আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫৬ ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ হোসেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গুলজার হোসেন, উসমান গণি মৌলিক মাখন, সাখাওয়াত হোসেন খান পাঠান, উপজেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম বাসানসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, সাহিত্যপ্রেমী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিরা বইমেলার কার্যক্রম ঘুরে দেখেন এবং আয়োজকদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। তিন দিনব্যাপী এই বইমেলায় পাঠকদের জন্য নানামুখী বই ও পাঠবান্ধব আয়োজন রাখা হয়েছে। নতুন প্রজন্মের মধ্যে বইপড়ার আগ্রহ সৃষ্টি এবং সাহিত্যচর্চা বিস্তারে এই মেলা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আয়োজক ও সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
