নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জে মাদকবিরোধী বিশেষ যৌথ অভিযানে ২৮৮ বোতল অবৈধ রেক্টিফাইড স্পিরিট (৯০%) জব্দ করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মোহনগঞ্জ থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

এ ঘটনায় একটি ট্রান্সপোর্ট এজেন্সির ম্যানেজার, সহকারী ম্যানেজার ও এক ভুয়া হোমিওপ্যাথিক চিকিৎসককে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ১টার দিকে মোহনগঞ্জ পৌরসভাস্থ ‘মেসার্স টাঙ্গাইল ট্রান্সপোর্ট এজেন্সি’-তে হানা দেয় পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিক দল। তল্লাশি চালিয়ে ওই ট্রান্সপোর্ট এজেন্সি থেকে ১৬০ বোতল অবৈধ রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়।

অবৈধভাবে এই মাদক চোরাচালান পরিচালনার দায়ে এজেন্সির ম্যানেজার মো. আবু বকর সিদ্দিক (৪২) এবং এসিস্ট্যান্ট ম্যানেজার মো. সুজাত মিয়াকে (৩৫) আটক করা হয়।

অভিযুক্ত আবু বকর সিদ্দিক মোহনগঞ্জের দেওথান গ্রামের মো. সাইদুর রহমানের ছেলে এবং সুজাত মিয়া বারহাট্টার সাদরপুর এলাকার আব্দুল মোতালেবের ছেলে।

পরবর্তীতে ট্রান্সপোর্ট ম্যানেজার আবু বকর সিদ্দিকের দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় এক কথিত ও ভুয়া হোমিওপ্যাথিক চিকিৎসকের ফার্মেসিতে অভিযান চালায় যৌথ বাহিনী।

মোহনগঞ্জের দেওথান গ্রামের মুকুল সরকারের ছেলে ওই কথিত চিকিৎসক বকুল সরকারের (৪৫) দোকানের গোডাউনে তল্লাশি চালিয়ে আরও ১২৮ বোতল অবৈধ স্পিরিট জব্দ করা হয়। অবৈধ স্পিরিট মজুত ও মাদক কারবারে জড়িত থাকার অপরাধে বকুল সরকারকেও আটক করা হয়েছে।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন জানান, ট্রান্সপোর্ট এজেন্সি থেকে ১৬০ বোতল এবং ফার্মেসি থেকে ১২৮ বোতলসহ মোট ২৮৮ বোতল স্পিরিট জব্দ করা হয়েছে। এ ঘটনায় ট্রান্সপোর্ট থেকে দুজন এবং ফার্মেসি থেকে একজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং আগামীকাল (২২ ফেব্রুয়ারি) তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version