নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে নেত্রকোনায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নেত্রকোনা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান ব্যবসায়ীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলেন, “পবিত্র মাহে রমজান মাসে আমাদের সবাইকে সংযমের পরিচয় দিতে হবে। আমাদের মহানবী হযরত মুহাম্মদ (সা.) নিজেও ব্যবসা করতেন। ব্যবসায়ীরা যেন অধিক মুনাফা না করে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করেন, সেজন্য সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেষ্ট থাকতে হবে।”

তিনি হুশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, “সবাইকে সাথে নিয়ে এবং সবার সহযোগিতা নিয়ে আমরা ‘দুষ্টের দমন ও শিষ্টের লালন’ নীতি বাস্তবায়ন করতে চাই।” রমজান মাসে কৃত্রিম সংকট সৃষ্টি করে কেউ যেন বাজার অস্থিতিশীল করতে না পারে, সে ব্যাপারে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান-এর সঞ্চালনায় সভায় গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ও নেত্রকোনা পৌরসভার প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান, ডেপুটি সিভিল সার্জন ডা. আফরিন সুলতানা, নেত্রকোনা চেম্বার অব কমার্সের পরিচালক দিদারুল আলম দিদার এবং জেলা প্রেসক্লাবের সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী।

এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা দেওয়ান আসাদুজ্জামান খান এবং সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার মুনতাসির মামুন।

এছাড়াও সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা রমজান মাসে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভেজাল রোধে নিয়মিত বাজার মনিটরিং করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Share.
Leave A Reply

Exit mobile version