নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ (বলাৎকার) মামলায় অভিযুক্ত পলাতক আসামি মো. এছাহাক আলীকে (৪১) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তারকৃত এছাহাক আলী ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন র্যাবের মিডিয়া অফিসার (সিনিয়ার সহকারী পরিচালক)।
এরআগে গতকাল সোমবার টাঙ্গাইল জেলার সখিপুর থানার কুতুবপুর বড় চাওনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-১৪।
র্যাব জানায়, ভিকটিম শিশুটির বাবা-মা ঢাকায় কর্মরত থাকায় সে তার নানার বাড়িতে বসবাস করত। গত ২ ফেব্রুয়ারি সকালে শিশুটি তার নানার সাথে কৃষি জমিতে যায়। কাজ শেষে ফেরার পথে প্রতিবেশী হিসেবে পরিচিত এছাহাক আলীর সাথে নানার সম্মতিতে শিশুটিকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু পথে খাবারের লোভ দেখিয়ে শিশুটিকে নির্জন জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ (বলাৎকার) করে এছাহাক। পরে কাউকে কিছু না বলার ভয়ভীতি দেখিয়ে তাকে বাড়ির পাশে রেখে পালিয়ে যায়।
এ ঘটনায় গত ৭ ফেব্রুয়ারি ভিকটিমের খালা বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (মামলা নং-০৪) দায়ের করেন। মামলাটি রুজু হওয়ার পর থেকেই র্যাব-১৪ এর একটি দল ছায়াতদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায়, র্যাব-১৪ এর সিপিএসসি (ময়মনসিংহ) ও সিপিসি-৩ (টাঙ্গাইল)-এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফুলবাড়িয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করার কথা জানান র্যাব-১৪ এর মিডিয়া অফিসার।


