নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ফুলপুরে শালিকাকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি ও ভিকটিমের চাচাতো দুলাভাই মো. সাঈদ হাসান সেতুকে (২৬) গ্রেফতার করেছে র্যাব-১৪।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন র্যাবের মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক)।
এরআগে গতকাল রবিবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখিপুর এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক দুলাভাইকে আটক করতে সক্ষম হয় র্যাব একটি আভিযানিক দল।
মামলা সূত্রে জানা যায়, সাঈদ হাসান সেতু সম্পর্কে ভিকটিমের চাচাতো দুলাভাই হওয়ার সুবাদে প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করতেন। গত বছরের ২৫ মার্চ রাত অনুমান রাড়ে ১১টার দিকে কৌশলে ভিকটিমের শয়নকক্ষে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। পরবর্তীতে একাধিকবার ধর্ষণের ফলে কিশোরীটি ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে চলতি বছরের ১৪ জানুয়ারি ফুলপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-১৩) দায়ের করেন। মামলার পর থেকেই আসামি পলাতক ছিলেন। এরপর থেকে র্যাবের টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্তসহ পলাতক ধর্ষককে গ্রেফতারে তৎপর হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক সাঈদ হাসানকে গ্রেফতার করে। ধৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফুলপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
