নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪-এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত সাদা রঙের একটি প্রাইভেটকার, নগদ এগারো হাজার আটশো টাকা এবং চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজার মূল্য পাঁচ লক্ষ ৬০ হাজার টাকা।
আটককৃত মাদক কারবারিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া এলাকার মৃত আব্দুল মান্নান ভূইয়ার ছেলে মো. এরশাদুল ইসলাম ভূইয়া ওরফে রুমান (৫৩) ও কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে মো. জামাল (৪৮)।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে র্যাব-১৪ কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
এরআগে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-১৪ (কিশোরগঞ্জ ক্যাম্প) জানতে পারে যে, গত ১৪ ফেব্রুয়ারি বিকেলে পাকুন্দিয়া থানাধীন বালুয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে কতিপয় মাদক কারবারি গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে বিকেল সোয়া ৫টায় পাকুন্দিায়ার কাগারচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
র্যাব-১৪-এর মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারী পরিচালক জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।উদ্ধারকৃত আলামতসহ আসামিদের কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
