শেখ শামীম: নেত্রকোনার দুর্গাপুর উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের এক সাংগঠনিক সিদ্ধান্তে চণ্ডিগড় ইউনিয়ন শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত মোতাবেক চণ্ডিগড় ইউনিয়ন ছাত্রদল এবং চণ্ডিগড় ইউনিয়ন যুবদলের বর্তমান কমিটি আজ (শনিবার) থেকে বিলুপ্ত করা হলো। একইসাথে বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দেওয়া হয় যে, বিলুপ্ত হওয়া এই কমিটিগুলোর কোনো নেতাকর্মী যদি রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোনো প্রকার সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে, তবে তার দায়ভার ছাত্রদল বা যুবদল বহন করবে না।
সংগঠন দুটির পক্ষ থেকে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়েছে, যদি কেউ দলের নাম ব্যবহার করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে, তবে তাদের বিরুদ্ধে নিকটস্থ থানায় অভিযোগ দায়ের করতে। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেকোনো বিশৃঙ্খলাকারীর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।
ছাত্রদলের বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন দুর্গাপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নিরঞ্জন দেবনাথ ও সদস্য সচিব আলমগীর হোসেন। অন্যদিকে যুবদলের বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এস এম কাইয়ুম ও সদস্য সচিব মো. ইউসুফ খান।
