লোকমান আহমদ,
সিলেট উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে সিলেট। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে ভোটগ্রহণ। সাধারণ ভোটারদের পাশাপাশি সিলেট-১ (মহানগর ও সদর) আসনের প্রার্থীরাও নিজ নিজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।
সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সকাল ৯টায় নগরীর সারদা হল ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও নির্বাচনী প্রধান এজেন্ট রেজাউল হাসান কয়েস লোদী। এদিকে জামায়াতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান নগরীর শিবগঞ্জের স্কলার্স হোম স্কুল কেন্দ্রে সকাল ৮টায় ভোট দেবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল। অন্যদিকে, হাতপাখা প্রতীকের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান সকাল ৮টায় সোনার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে নগরী ও সদর উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

