প্রতিনিধি মাহমুদুল হাসান মান্না :
নেত্রকোণা: উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনে অংশ নিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
বৃহস্পতিবার (১২ই ফেব্রুয়ারি) সকালে তিনি নিজ নির্বাচনী এলাকার কোর্ট ভবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হন। এ সময় কোনো বিশেষ প্রোটোকল বা বাড়তি সুবিধা না নিয়ে সাধারণ ভোটারদের সঙ্গেই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন তিনি। পরে নিজের সিরিয়াল আসলে কেন্দ্রে প্রবেশ করে ভোট প্রদান করেন।
ভোট প্রদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে লুৎফুজ্জামান বাবর বলেন, “দীর্ঘদিন পর জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনের পরিবেশ দেখে আমি আনন্দিত। সাধারণ মানুষের সাথে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারাটা আমার কাছে অত্যন্ত গর্বের। আশা করি, ব্যালটের মাধ্যমে জনগণ তাদের সঠিক প্রতিনিধি নির্বাচন করবে।
উল্লেখ্য, দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর নির্বাচনী মাঠে লুৎফুজ্জামান বাবরের এই সক্রিয় অংশগ্রহণ তাঁর নির্বাচনী এলাকার কর্মী-সমর্থকদের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
