মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জে সেনাবাহিনীর নিয়মিত তল্লাশি অভিযানে ৬ কেজি ১৬০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে। মোহনগঞ্জ-ধর্মপাশা সড়কের কলুঙ্কা মোড় এলাকায় স্থাপিত সেনাসদস্যদের একটি চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদলতের মাধ্যমে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন- সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার ভাটি লালপুর গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে রিপন মিয়া (২৪) এবং আরেকজন একই জেলার শান্তিগঞ্জ থানার পাগলা গ্রামের মোহাম্মদ আয়ানুল্লাহর ছেলে আব্দুর রহিম ওরফে সিরাজুল (২৫)।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এতথ্য নিশ্চিত করেন মোহনগঞ্জ থানার ওসি পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, আজ সকলে সাজাপ্রাপ্ত দুজনকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এরআগে তাদেরকে গতকাল সোমবার সন্ধ্যা সাড় ৭টার দিকে আটক করে সেনা সদস্যরা।
অভিযান চলাকালীন তাদের তল্লাশি করে ৬ কেজি ১৬০ গ্রাম গাঁজা ছাড়াও মাদক বিক্রির নগদ চার হাজার ২০০ টাকা, একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন, একটি মানিব্যাগ, একটি জাতীয় পরিচয়পত্র ও একটি হাতব্যাগ জব্দ করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, অভিযুক্তরা সুনামগঞ্জ জেলার শাসন বাজার থেকে ধর্মপাশা হয়ে মোটরসাইকেলযোগে মোহনগঞ্জের দিকে আসছিলেন। কলুঙ্কা মোড়ে সেনাবাহিনীর নিয়মিত চেকপোস্টে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালানো হয় এবং এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। পরবর্তীতে জব্দকৃত মালামালসহ আসামিদের মোহনগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বরাতে জানা গেছে, আটককৃতদের মোহনগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের-এর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি তাদের প্রত্যেককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
