নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নেত্রকোনা জেলায় সকল প্রকার জনসভা, মিছিল এবং মোটরসাইকেল চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) নেত্রকোনার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৮(১) অনুযায়ী ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৪৮ ঘণ্টা এবং ভোটগ্রহণ সমাপ্তির পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত কোনো নির্বাচনী এলাকায় জনসভা আহ্বান, অনুষ্ঠান বা যোগদান এবং মিছিল বা শোভাযাত্রা করা যাবে না।
সেই লক্ষ্যে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা হতে ১৪ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টা পর্যন্ত নেত্রকোনা জেলায় সকল ধরনের জনসভা, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষে যানবাহন চলাচলের ওপরও কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী- ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা হতে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত নেত্রকোনা জেলায় সকল প্রকার মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
শুধুমাত্র রিটার্নিং অফিসার কর্তৃক অনুমোদিত এবং নির্বাচনের কাজে নিয়োজিত মোটরসাইকেলগুলো এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
জেলা প্রশাসক মো. সাইফুর রহমান জানান, নির্বাচনের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ নির্দেশনার অনুলিপি জেলা পুলিশ সুপার, বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে পাঠানো হয়েছে এবং সাধারণ মানুষকে তা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
